স্টাফ রিপোর্টার:
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় রোববার, সোমবার ও মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে। এই তিনদিন কারফিউ শিথিলের সময় আরও দুই ঘণ্টা করে বাড়ানো হয়েছে। এসব এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কারফিউ বিষয়ে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বাকি জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে তাদের নিজ নিজ জেলায় কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
এর আগে শুক্র ও শনিবার ঢাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা দেয় সরকার।
উল্লেখ্য, গত ১৮ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হন। এরপর পরেরদিনও সহিংসতা চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। একইসঙ্গে সারাদেশে সেনা মোতায়েন করা হয়। প্রথমদিন দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয়। পরেরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে।