ইয়াসমিন আক্তার, চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সরকারি সার্ভে চলাকালে সংঘবদ্ধ হামলা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন রাস্তার মাথা বি.কে ক্লাবের পূর্ব পাশে একটি বিরোধীয় জমিতে।
ভুক্তভোগী নুর নাহার বেগম (৬০) বোয়ালখালী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, উক্ত জমিটি তার মেয়ের স্বামী মো. ওমর ফারুকের ক্রয়কৃত সম্পত্তি। দীর্ঘদিন ধরে প্রতিবেশী একটি প্রভাবশালী গোষ্ঠী জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশে সরকারি সার্ভেয়ার ও উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে জমি পরিমাপ চলাকালে অভিযুক্তরা দা, লাঠি, লোহার রড ও ছাবল নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে আব্দুল হামিদ (৭৫) গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে নারীসহ আরও কয়েকজন মারধরের শিকার হন।
হামলার একপর্যায়ে মো. লিটন (৪০)-এর বাম হাতে লোহার ছাবল দিয়ে আঘাত করা হলে তার কনুইয়ের নিচে হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া এক নারী সাক্ষীর কানের স্বর্ণের দুল (আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা) এবং মো. ওমর ফারুকের একটি স্মার্টফোন (মূল্য প্রায় ৩৫ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
অভিযুক্তরা জমির বাউন্ডারি ওয়াল ও টিনের বেড়া ভাঙচুর করে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর আহতরা চিকিৎসা নিলেও এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং মামলার ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পলাতক আসামিরা হলেন— মাসুদ পারভেজ (৩৮), শুকুর (৩৫), ইলিয়াছ (৩৫), সিরাজ (৪০), আবদুল হালিম (৫০), আহামেদ হোসেন (৬৫), দেলোয়ার হোসেন (৬০), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. সাকিব (১৮)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।