ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনকারীদের অবরোধ

  • আপলোড তারিখঃ 04-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 217835 জন
রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনকারীদের অবরোধ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

বাংলাদেশ সমাচার প্রতিবেদন >>


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের একদফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তবে পুরো এলাকার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। এরপর আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে।

রাজধানীর অন্যান্য এলাকায় সকালে দেখা যায়, মিরপুর সড়কে শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘চলছেই চলবে, আমাদের আন্দোলন’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। অবরোধের ফলে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

একদফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।

এদিকে অবরোধ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে, চলছে শুধু রিকশা-সিএনজি। সড়কে মাঝে মাঝে বাসের দেখা মিললে তাতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা।

শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের অবস্থান নেওয়া শুরু করেন শিক্ষার্থীরা। গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবারের বিক্ষোভ এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?