অনলাইন ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সমাধান কোর্টেই করতে হবে। রোববার বিকাল ৪টায় গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের সময় এ কথা বলেছেন তিনি।
এর আগে রোববার বিকালে কোটা আন্দোলনকারীরা বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করেন। এরপর সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এ সময়ের মধ্যে কোটা নিয়ে দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন। রোববার বিকাল ৩টা ২০ মিনিটে রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, এক দফা দাবিতে আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অধিবেশন ডাকার দাবি জানিয়েছি। আমরা এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।
নাহিদ ইসলাম বলেন, আজ আমাদের থামানো যায়নি। আমরা চাইছি না কঠোর কর্মসূচিতে যেতে। আমরা চাই দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হোক। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এরপর আমরা সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।
কোটা সংস্কার আন্দোলনের এ সমন্বয়ক বলেন, সময় ২৪ ঘণ্টা বাড়ানো হলো মামলা সরিয়ে নিতে। না হলে আমরা কঠোর কর্মসূচি নিয়ে সবাইকে জবাবদিহি করতে বাধ্য করব।