অনলাইন ডেস্ক
আগামী বছর রোজা শুরু আগেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের সেনবাড়ি মুক্তমঞ্চে গতকাল শনিবার বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। তাঁর মতে, “ সরাইল-আশুগঞ্জ গ্যাসের ঘাঁটি, কিন্তু আমাদের ঘরে গ্যাস নেই। এটা আবার কেমন নিয়ম? আমার এলাকা থেকে সারা বাংলাদেশে গ্যাস যায়। তাহলে আমার ঘরে গ্যাস কোথায়?” তারপর তিনি ভোটারদের উদ্দেশ্যে ওয়াদা করেন তিনি যদি নির্বাচিত হতে পারে তাহলে নিজ এলাকার মা–বোনদের ঘরে ঘরে গ্যাস দেবে।
বক্তব্যের এক পর্যায়ে নির্বাচনের বিষয়ে বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূসের লন্ডনে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে আমরা যে বার্তা পেয়েছি, আগামী রমজানের আগে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেওয়ার মতো একটি নির্বাচন (জাতীয় সংসদ) হবে। এই নিবার্চনে আমাদের দায়িত্ব হলো ধানের শীষের যে প্রার্থী হবে, দলের যে প্রার্থী হবে, তাকে নির্বাচিত করা।’