ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের নতুন শান্তি প্রস্তাব: সরাসরি বৈঠকে প্রস্তুত জেলেনস্কি

  • আপলোড তারিখঃ 20-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 60087 জন
ইউক্রেনের নতুন শান্তি প্রস্তাব: সরাসরি বৈঠকে প্রস্তুত জেলেনস্কি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে কিয়েভ। গতকাল (শনিবার) জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধবিরতি নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন, তার সবই করা উচিত। রাশিয়াকে সিদ্ধান্তহীনতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যিকারের ও স্থায়ী শান্তির জন্য নেতৃত্ব পর্যায়ে সরাসরি বৈঠক জরুরি।


জেলেনস্কি জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। ইউক্রেন আশা করছে, চলতি সপ্তাহেই নতুন করে শান্তি আলোচনা শুরু হবে।


রাশিয়ার পক্ষ থেকে এখনও এ প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে গত শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শান্তির প্রচেষ্টায় গতি আনার বিষয়ে মস্কো জেলেনস্কির বক্তব্যের সঙ্গে একমত।


এদিকে, ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শান্তি আলোচনায় গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে তাকেই। তিনি এর আগে তুরস্কে অনুষ্ঠিত দুই দফা শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তবে বন্দী ও মৃত সেনাদের মরদেহ বিনিময় ছাড়া সেই আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।


পূর্ববর্তী আলোচনায় রাশিয়া কঠোর কিছু শর্ত দিয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল—ইউক্রেনের চারটি দখলকৃত অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যান করা। এসব শর্ত কিয়েভ মানেনি।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়ার প্রতি চাপ বাড়িয়েছেন। যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা পাঠানোর অঙ্গীকারও করেছেন তিনি।


বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ইউক্রেনের শান্তি আলোচনার প্রস্তাব নতুন করে আলোচনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?