৫ আগস্টের পর আর দেশে ফেরা হয় নি সাকিবের। খেলতে পারেন নি দেশের মাঠের সর্বশেষ বিপিএলও। এমনকি খেলা হয় নি পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির আসরেও। এর মাঝে গুঞ্জন উঠে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ টি-টুয়েন্টি খেলতে যাবেন আল হাসান। কি›তু তা শেষ পর্যন্ত ভেস্তেই যায়। তারপর আবার এল নতুন খবর।
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটে পড়ায় তার বদলি হিসেবে এবার দুবাই ক্যাপিটেলসের দলে সুযোগ মিলেছে সাকিবের। আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুবাই ক্যাপিটালস ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন। এই গ্রুপ আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেরও সহ-মালিক, যে দলে সর্বশেষ আইপিএলে খেলেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাতের ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। আগামী মঙ্গলবারই জিএসএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে খেলা আছে তাদের। সেই ম্যাচেই জিএসএলে অভিষেক হয়ে যেতে পারে সাকিবের। আগামী ১৬ জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষেও সাকিবদের ম্যাচ।
সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেন। ফাইনালে একাদশে জায়গা না পেলেও তাঁর দল লাহোরই চ্যাম্পিয়ন হয়।