আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এ সময় তাঁদের কাছ থেকে র্যাব লেখা কটি, ওয়াকিটকি, প্লাস্টিকের পিস্তল ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের ওসি সফিকুল ইসলাম সুমন।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।
গ্রেপ্তাররা হলেন—আব্দুল হক স্বপন (৫৪), মো. আনোয়ার হোসেন (৫৬) ও আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)। পুলিশ জানায়, তাঁরা র্যাব সদস্য পরিচয়ে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
অভিযানে তাঁদের কাছ থেকে চারটি কালো রঙের র্যাব লেখা কটি, একটি ওয়াকিটকি, দুটি প্লাস্টিকের পিস্তল, দুটি পিস্তলের কভার ও একটি স্টিলের হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপি ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইন ও অন্যান্য ফৌজদারি অপরাধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।