সাকিবুল হাছান
টেস্ট ক্রিকেটে লজ্জার আরেকটি অধ্যায় লিখল ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টনে ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। আর মাত্র এক রান কম হলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ইনিংসের রেকর্ডে নাম লেখাত তারা।
১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ২৬ রান এখনো সর্বনিম্ন দলীয় স্কোর হিসেবে রয়ে গেছে। এই লজ্জাজনক পারফরম্যান্সের কারণে ম্যাচটি ১৭৬ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ, আর সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া।
২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৩ ওভারেই ইনিংস গুটিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দলের সাত ব্যাটার শূন্য রানে আউট হন, এবং মাত্র একজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে সক্ষম হন—জাস্টিন গ্রেভস, যিনি করেন ১১ রান।
এই ধ্বংসযজ্ঞের মূল নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। মাত্র ৯ রানের বিনিময়ে তুলে নেন ৬ উইকেট। আর স্কট বোল্যান্ড নেন ৩ উইকেট মাত্র ২ রানে, যার মধ্যে ছিল টানা তিন বলে হ্যাটট্রিক।
এর আগে তৃতীয় দিনে ৬ উইকেটে ৯৯ রান নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১২১ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ নেন ৫ উইকেট ২৭ রানে এবং শামার জোসেফ নেন ৪ উইকেট ৩৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২২৫ ও ১২১
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩ ও ২৭
ফল: অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী
সিরিজ: ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া