সাকিবুল হাছান
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে নৃশংসভাবে হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নান্নু কাজী (২৭)। তিনি এ মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। র্যাব-১১ এর ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে নান্নু কাজীকে আটক করা হয় এবং পরে তাকে র্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে লাল চাঁদ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হলো।
গত বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ব্যস্ত সড়কে ভয়াবহভাবে লাল চাঁদকে হত্যা করে একদল হামলাকারী। তাকে রাস্তায় ডেকে এনে নির্মমভাবে মারধর করা হয়। ইট ও পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। এরপর তাকে বিবস্ত্র করা হয় এবং কেউ কেউ তার শরীরের ওপর উঠে লাফাতে থাকে।
এই ঘটনায় লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।