পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল চত্বরে সম্প্রতি লাল চাঁদ সোহাগ (৩৯) নামের ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। যার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দ্রুত শাস্তি নিশ্চিতের জন্য দাবি উঠেছে সবদিক থেকেই। আর এ ব্যাপারে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও।
হত্যাকান্ডে জড়িতদের বিচার দ্রুত কার্যকর করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অপরাধীদের বিচার হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার করেতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।
আইন উপদেষ্টা যোগ করেন, ‘এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।’