পিরোজপুর প্রতিনিধি :
নাজিরপুরের কৃতি সন্তান ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ মিজানুর রহমান শরীফ দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫–২০২৭ মেয়াদের পরিচালক পদে সদস্য নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার (২০ ডিসেম্বর) পিরোজপুর–খুলনা আঞ্চলিক (বাইপাস) মহাসড়কে অবস্থিত দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে পরিচালক পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৮৭ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ২১ জন প্রার্থী পরিচালক পদে নির্বাচিত হন। এর মধ্যে মোঃ মিজানুর রহমান শরীফ একজন নির্বাচিত পরিচালক হিসেবে বিজয়ী হন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা। বোর্ডের সদস্য হিসেবে ছিলেন অ্যাডভোকেট খায়রুল বাশার শামীম ও অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় ভোটার ও প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
আগামী ২৩ ডিসেম্বর নবনির্বাচিত ২১ জন পরিচালকের ভোটের মাধ্যমে চেম্বারের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নবনির্বাচিত পরিচালক মোঃ মিজানুর রহমান শরীফ এর আগে গাওখালী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
নির্বাচনের প্রতিক্রিয়ায় মোঃ মিজানুর রহমান শরীফ বলেন, একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেম্বারের সম্মানিত সদস্যরা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা আমরা সততা ও স্বচ্ছতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আরও বলেন, পিরোজপুর জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আধুনিক ও গতিশীল একটি চেম্বার গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।