জেলা প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের নারী ও শিশুসহ সাতজন। বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার জগদিশপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের সদস্যরা ঢাকা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। মাইক্রোবাসটি বেগমগঞ্জ-লক্ষ্মীপুর মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি সড়কের পাশের খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন—ফয়জুন নেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি (১০), লামিয়া (৯) ও মীম (২)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় চালকসহ মোট ১২ জন মাইক্রোবাসে ছিলেন। চালক দুর্ঘটনার পর পালিয়ে যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে প্রবাসী বাহার উদ্দিনের স্ত্রী ও সন্তানও রয়েছেন, তবে তিনি নিজে বেঁচে গেছেন।
স্থানীয়রা জানান, চালক হয়তো ভোরবেলা ঘুমে আচ্ছন্ন ছিলেন, যার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। বেগমগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।