অনলাইন ডেস্ক
রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় সিন্দিরগি এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানায়, ভূমিকম্পের ধাক্কা ইস্তাম্বুল, পর্যটননগর ইজমিরসহ পশ্চিমাঞ্চলের বহু শহরে অনুভূত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই ৮১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ২৯ জন, তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। সিন্দিরগি ও আশেপাশের এলাকায় মোট ১৬টি ভবন ধসে পড়েছে, যার মধ্যে চারটিতে মানুষ বসবাস করছিল।
শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত বের করা হয়েছে। মেয়র সেরকান সাকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে এবং আরও দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এএফএডি জানিয়েছে, প্রায় ৩১৯ জন উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন রয়েছে।
প্রধান ভূমিকম্পের পর ৩.৫ থেকে ৪.৬ মাত্রার প্রায় ২০টি আফটারশক আঘাত হানে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।