নূর মোহাম্মদ, জামালপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের উদ্যোগে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালী বসাক মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এবং সঞ্চালনা করেন বিঞ্চু চন্দ্র মন্ডল।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নিলুফার চৌধুরী মনি বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা সোচ্চার থাকে। দেশ যতবার বিপদে পরেছে ততবার বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে। বিগত দিনে যেমন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দমন-নিপীড়নকে ভয় না পেয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেয়েছি।বর্তমানে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছে তা আমরা ঐক্যবদ্ধ ভাবে রুখে দিবো ইনশাআল্লাহ। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এসময় তিনি তার বিরুদ্ধে বিদ্বেষ মূলক বক্তব্য দেওয়া জামালপুর জেলা বিএনপির কিছু নেতাকর্মীদের কড়া সমালোচনা করেন।