জাহিদ, বিশেষ প্রতিনিধি বগুড়া।
বগুড়া রেলওয়ে মার্কেটের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে জুলাই-আগস্ট মাসের দায়েরকৃত মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও মার্কেটের ব্যবসায়ীরা।
সোমবার সকালে জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার নিকট এ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি আব্দুর রহিম রানা, সদস্য আব্দুর রহিম আকন্দ, আঃ আলিম, মার্কেট পরিচালনা কমিটির সভাপতি এরশাদুল বারী এরশাদ, সহ-সভাপতি রেজাউল হাসান রানু, মাহবুবর রহমান, রফিকুল ইসলাম, লিয়াকত হোসেন লিউলিন, সাধারণ সম্পাদক মো. কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল কুদ্দুস সাহেদ, অর্থ সম্পাদক মো. আমানুল্লাহ বাবু, সহ-অর্থ সম্পাদক সেলিম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়—বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোনারপাড়া শাখার সম্পাদক মো. রায়হান কবির, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হায়দার আলী সরকার এবং বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মাহমুদুন্নবী রাসেল—একই পরিবারের সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে তারা সমিতির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থেকে দোকানঘরের কাগজ করে দেওয়ার আশ্বাসে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। অথচ মার্কেটের জায়গাটি বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের আওতাধীন।
২০২৪ সালের ৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টে গেলে তারা সমবায় সমিতি ও মার্কেটের সকল কাগজপত্র নিয়ে আত্মগোপনে চলে যান। এরপরও আত্মগোপন অবস্থান থেকে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
এ অবস্থায় অবিলম্বে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয় স্মারকলিপিতে।