ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরে ভূয়া এনজিওর প্রতারণা অর্ধকোটি টাকা নিয়ে উধাও

  • আপলোড তারিখঃ 07-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 47949 জন
জামালপুরে ভূয়া এনজিওর প্রতারণা অর্ধকোটি টাকা নিয়ে উধাও ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নূর মোহাম্মদ, জামালপুর প্রতিনিধি


জামালপুর পৌরশহরের ডাকপাড়ায় রুরাল ডেভেলপমেন্ট ফোরাম (আরডিএফ) নামে একটি ভূয়া এনজিওর প্রতারণার ফাঁদে পড়ে শতাধিক গ্রাহক সর্বস্বান্ত হয়েছেন। ৫০ হাজার টাকা জমা দিলে মিলবে ৫ লাখ টাকা ঋণ এমন লোভনীয় প্রলোভন দেখিয়ে তারা গ্রাহকদের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে উধাও হয়েছে।




স্থানীয় সূত্রে জানা যায়, ডাকপাড়ার এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাড়া নেয়া বাড়িতে এনজিওটির অফিস খোলা হয়। মাত্র ৫-৭ দিন কার্যক্রম চালিয়ে প্রতারক চক্রটি হঠাৎ উধাও হয়ে যায়। গত ৭ সেপ্টেম্বর রবিবার সকালে গ্রাহকেরা ঋণ নিতে অফিসে গেলে তালাবদ্ধ অবস্থায় অফিস দেখতে পান। সারাদিন অপেক্ষা করেও কেউ প্রতিষ্ঠানটির খোঁজ পাননি।




ভুক্তভোগীরা জানান, প্রথমে ২০০ থেকে ১ হাজার টাকা সঞ্চয় জমা দিয়ে সদস্য বানানো হতো। পরে ঋণের পরিমাণ অনুযায়ী টাকা জমা দিতে হতো। ৫ লাখ টাকার ঋণের জন্য ৫০ হাজার টাকা এবং ১০ লাখ টাকার জন্য ১ লাখ টাকা জমা দিতে হতো। অনেক গ্রাহক এককালীন টাকা জমা করলেও কোনো ঋণ পাননি।




লাঙ্গলজোড়া গ্রামের ভুক্তভোগী লিলি বেগম বলেন, “প্রথমে ১ হাজার টাকা দিয়ে সদস্য হই। পরে ৫ লাখ টাকা ঋণের আশায় ৫০ হাজার টাকা দেই। রবিবার অফিসে গিয়ে দেখি তালা ঝুলছে। পরে খোঁজ নিয়ে জানতে পারি, আমাদের টাকা নিয়ে সবাই পালিয়ে গেছে।”




অন্য এক ভুক্তভোগী নাজমা বেগম অভিযোগ করে বলেন, “বাড়ির মালিক কোনো প্রমাণ ছাড়াই অফিস ভাড়া দিয়েছেন। আমরা মনে করি, প্রতারণার সাথে বাড়ির মালিকও জড়িত।”




সরজমিনে গিয়ে দেখা যায়, অফিসটির সামনে ছোট একটি সাইনবোর্ডে লেখা রয়েছে—“রুরাল ডেভেলপমেন্ট ফোরাম (আরডিএফ), প্রধান কার্যালয় রমজান আলী কলেজ রোড, জয়রা, মানিকগঞ্জ। তবে ঠিকানাটি সত্য কিনা তা নিয়েও গ্রাহকদের সন্দেহ রয়েছে।




এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কাছে দ্রুত প্রতারক চক্রকে গ্রেপ্তার করে তাদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?