জাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ায় চাঞ্চল্যকর হাতুড়ি হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় নিহত ক্যাশিয়ার ইকবালের ব্যবহৃত মোবাইল ফোন ও পেট্রোল পাম্প থেকে লুট হওয়া নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ০৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বগুড়া সদর থানাধীন শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় ক্যাশিয়ার ইকবাল হাসানের মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করে তার সহকর্মী মো. রাকিবুল ইসলাম রতন (২৫)। পরে সেলাই রেঞ্চ ও চাকু দিয়ে আরও আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর আসামি ক্যাশ থেকে টাকা ও ইকবালের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরদিন নিহতের বোন মোছাঃ সাদিয়া খাতুন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে থেকেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি বগুড়ার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের সার্বিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক মো. রাজু কামালের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ০৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে মূল আসামি রতনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানায়, নিহত ইকবাল বিভিন্ন সময়ে পাম্প থেকে তেল চুরির সঙ্গে জড়িত ছিল। বিষয়টি পাম্পের মালিককে জানালে ইকবাল ক্ষিপ্ত হয়ে রতনকে চর-থাপ্পড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে রতন সুযোগ খুঁজছিল। অবশেষে ০৭ সেপ্টেম্বর রাতে ইকবালকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।