সাকিবুল হাছান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক ও কূটনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট লুলা দা সিলভা যেকোনো সময় তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, "তিনি চাইলে যেকোনো সময় আমাকে ফোন করতে পারেন। আমি ব্রাজিলের জনগণকে পছন্দ করি, কিন্তু দেশটির নেতৃত্ব কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে।"
ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদাদ ট্রাম্পের এই বক্তব্যকে "ইতিবাচক ও গুরুত্বপূর্ণ" হিসেবে উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট লুলাও হয়তো আলোচনার অপেক্ষায় আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লুলাও জানান, সংলাপের জন্য ব্রাজিল সব সময় উন্মুক্ত, যদিও তিনি ট্রাম্পের মন্তব্য সম্পর্কে সরাসরি কিছু বলেননি।
সম্প্রতি ট্রাম্প ব্রাজিল থেকে আমদানিকৃত বেশ কিছু পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তবে সব পণ্য এতে অন্তর্ভুক্ত নয়, কিছু ক্ষেত্রে শিথিলতা রয়েছে।
এদিকে, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। এমনকি যিনি বিচার প্রক্রিয়া তদারকি করছেন সেই সুপ্রিম কোর্টের বিচারকের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণাও এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
হাদাদ জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করবেন। এ আলোচনার মাধ্যমে ভবিষ্যতে লুলা ও ট্রাম্পের সরাসরি সাক্ষাতের সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদী। তবে তিনি উল্লেখ করেন, এ ধরনের সংলাপের জন্য দুই পক্ষকেই প্রস্তুত থাকতে হবে।