অনলাইন ডেস্ক
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর নতুন ব্রিজ এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নারী নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন পুরুষ মারা যান। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। একই তথ্য নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিস্তারিত তদন্তের পর পরবর্তী তথ্য জানানো হবে।