জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম পদত্যাগ করেছেন। গতকাল রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি আজ মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেছি।
এদিকে উপাচার্যের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন ও ছাত্রী হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারসহ দুইজন আবাসিক শিক্ষিকাও পদত্যাগ করেছেন।
এর আগে দুপুরে ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও ছাত্রকল্যাণ পরিচালকদের পদত্যাগের আলটিমেটামসহ, ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ, ছাত্র সংসদ কার্যকর করাসহ ১৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বছরের ৩০ নভেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তার নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫–এর ১০ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।