মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে গতকাল টেলিফোনে কথা হয় অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের। ফোনালাপে তাঁরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।
বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও ওই ফোনালাপের খবর প্রকাশ করা হয়। সেখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের বরাত দিয়ে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে তাঁদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তাঁরা। জানা যায়, এই ফোনালাপে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের কথাও আলোচিত হয়। তখন প্রফেসর ড. ইউনুস আগামী বছরের শুরুতেই নির্বাচন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।