অনলাইন ডেস্ক >>
শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদেরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে। রাজধানী ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। পালাতে না পেরে হন্তদন্ত হয়ে নৌকার ওপর বসে ছিলেন সালমান এফ রহমান। নিউমার্কেট থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান মূলত নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন। এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক।
পুলিশ কর্মকর্তারা বলছেন, থানায় নিয়ে আসার পর এই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তখন আরও নিশ্চিত করে বলা যাবে, তারা কীভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন। রাজধানীর নিউমার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কী কী আইনি প্রক্রিয়া নেওয়া হবে, তখন জানা যাবে।