নিজস্ব প্রতিবেদক >>
আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে আটকের বিষয়টি জানিয়েছেন রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল। রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।
সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তুলে নিয়ে যায় তাকে। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টার থেকে একটি টিম এসেছিল। যতদূর জেনেছি, নিরাপত্তার স্বার্থে পুলিশের ওই টিম সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে হেফাজতে নিয়েছে। আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র।’