নিজস্ব প্রতিবেদক
চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সোমবার এ সূচি প্রকাশ করেছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চতুর্থ ধাপে এই মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে পরীক্ষা শুরু হবে।
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি ২৯ মে প্রকাশিত হয়। ২০ জুলাই অনুষ্ঠিত লিখিত (এমসিকিউ) পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন। এই পরীক্ষায় মোট ৪১ হাজার ২৫ জন অংশগ্রহণ করেন।
মৌখিক পরীক্ষা ৬ আগস্ট থেকে শুরু হয়েছে। এই বিসিএস থেকে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে।
পিএসসি জানিয়েছে, এই বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে ২০০ নম্বর এমসিকিউ লিখিত এবং ১০০ নম্বর মৌখিক পরীক্ষা।