ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমান; প্রত্যাবর্তনে আশার রাজনীতি

  • আপলোড তারিখঃ 25-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15206 জন
তারেক রহমান; প্রত্যাবর্তনে আশার রাজনীতি ছবির ক্যাপশন: লেখকের ছবি
ad728

মু. সায়েম আহমাদ 


তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে থাকার পর তাঁর স্বদেশ ফিরে আসা শুধু একটি রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়; বরং তা বাংলাদেশের দীর্ঘদিনের চলমান টানাপোড়েন, অনিশ্চয়তা ও সংঘাতে জর্জরিত রাজনৈতিক বাস্তবতায় নতুন সমীকরণ তৈরির সম্ভাবনাও তৈরি করেছে। এদেশের জনগণ; বিশেষ করে তরুণ প্রজন্ম এখন এমন একটি নেতৃত্ব চায়। যেখানে  দ্বন্দ্ব নয়, সংলাপ ; সংঘাত নয়, সহযোগিতা এবং প্রতিশোধ নয়—পুনর্গঠনকে গুরুত্ব দেবে।


বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিঃসন্দেহে নানা চ্যালেঞ্জে জর্জরিত। চলমান রাজনৈতিক বিশ্বাসের সংকট, অর্থনৈতিক চাপ, বেকারত্ব, বিনিয়োগের সংকট, বিচারহীনতা এবং গণতান্ত্রিক আস্থাহীনতা মানুষের মনে হতাশা সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন অনেকের কাছে পরিবর্তনের একটি সম্ভাব্য সূচনা। যদি তিনি গণতান্ত্রিক চর্চায় জোরদার, স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা, দলীয় বিভাজন কমিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতি গ্রহণ করেন, তবে তা রাজনীতিতে নতুন অধ্যায়ের জন্ম দিতে পারে বলে মনে করছি। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে সংলাপভিত্তিক রাজনীতি, শক্তিশালী নির্বাচন ব্যবস্থা, জবাবদিহিমূলক শাসন এবং জনস্বার্থকে কেন্দ্রে রেখে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে।


 উন্নয়ন আজ আর কেবল অবকাঠামোগত অগ্রগতিতে সীমাবদ্ধ নয়; ন্যায়বিচার, সমতা, শিক্ষা-স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান এবং মানবিক সমাজ গঠনের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়। তারেক রহমান যদি এই বিষয়গুলো সামনে রেখে রাষ্ট্রপরিচালনার দিকনির্দেশনা দিতে পারেন, তবে দেশের সার্বিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসা সম্ভব হবে।



বাংলাদেশের আপামর জনতা  উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি চায়। তারা চায় এমন নেতৃত্ব, যারা ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভবিষ্যত নির্মাণের পথে এগিয়ে যাবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সেই প্রত্যাশারই আরেকটি অধ্যায়। এখন দেখার বিষয় তিনি ও তাঁর নেতৃত্ব কতটা মানুষ-কেন্দ্রিক, আধুনিক এবং ইতিবাচক রাজনীতি উপহার দিতে পারেন। যদি তা সম্ভব হয়, তাহলে সামনের বাংলাদেশ হবে আরও শক্তিশালী, গণতান্ত্রিক, উন্নত ও মানবিক— আর এমনটাই জাতির প্রত্যাশা।


লেখক ও সংগঠক


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?