ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পূত্রবধূর হাতে শাশুড়ী আসমা আক্তার (৪৫) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকার জনগণ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা আদালত চত্বরে স্থানীয় শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
নিহতের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, তার বড় ভাই বিদেশে থাকেন এ সুযোগে ভাইয়ের স্ত্রী জান্নাতি আক্তার ফুফাতো ভাই কালাম হাওলাদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে জান্নাতি ও কালাম মিলে পরিকল্পিত ভাবে তার মা আসমা আক্তারকে কুপিয়ে হত্যা করে। তিনি এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে, যা তাদের নিরাপত্তাহীনতায় ফেলেছে। বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে সতর্ক করে বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ভান্ডারিয়া অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পরপরই কালাম ও জান্নাতিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই জান্নাতি হত্যার কথা স্বীকার করে বলেছে যে, সে পরকীয়া প্রেমে লিপ্তছিল এবং আসমা আক্তার হত্যায় সরাসরি জড়িত।