অনলাইন ডেস্ক
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করতে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়েছে। ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা থেকে পাথর সংগ্রহ করে পুনরায় সাদা পাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়। এ সময় লুটের পাথর পরিবহনকারী একাধিক ট্রাকও আটক করা হয়।
স্থানীয় সূত্রের তথ্যে জানা যায়, ধলাই নদীর তীর থেকে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাথর সরাসরি নদীতে ফেরত দেওয়া হয়েছে। অভিযানটি শুরু হয় বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে।
এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পাথর উদ্ধারের পাশাপাশি সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।