আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হলো জনগণ। জনগণ জেগে উঠলে কোনো শক্তিই তাদের গণতান্ত্রিক অধিকার দমন করতে পারে না। তিনি দাবি করেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে।
গণসংযোগকালে তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণ আওয়ামী সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক দমন–পীড়নের মধ্যে ছিল। এই সময়ে তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। যদি মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তবে নির্বাচনের মাধ্যমেই জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিটি ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি।
গণসংযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।